রাঙ্গামাটি পার্বত্য জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং অপরাধমূলক কর্মকাণ্ড দমনে কঠোর বার্তা দিয়েছে জেলা পুলিশ। রবিবার (২৫ অক্টোবর ২০২৬) রাঙ্গামাটি জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা।
পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর সভাপতিত্বে সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক চিত্র তুলে ধরা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল হোছাইন, পিপিএম-এর সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ (ওসি)।
সভায় মূল আলোচ্যসূচির মধ্যে গুরুত্ব পায়—অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার কার্যক্রম জোরদার করা, গ্রেফতারি পরোয়ানা তামিল এবং স্পর্শকাতর মামলার দ্রুত অগ্রগতি নিশ্চিত করা,শহরের ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন এবং সাইবার অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, গোয়েন্দা কার্যক্রম আরও গতিশীল করা।
সভায় পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে পেশাগত দায়িত্বশীলতা, পারস্পরিক সমন্বয় এবং সর্বোচ্চ দক্ষতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি স্পষ্ট নির্দেশনা দিয়ে বলেন, জেলার শান্তি-শৃঙ্খলা রক্ষায় এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সবসময় তৎপর রয়েছে। অপরাধের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না।
#রাঙ্গামাটি_পুলিশ #আইনশৃঙ্খলা_পরিস্থিতি



















