পর্যটন শহর রাঙামাটিকে মাদকমুক্ত করতে জেলা পুলিশের চিরুনি অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় কোতয়ালী থানার একটি বিশেষ আভিযানিক দল স্বর্ণটিলা এলাকা থেকে এক মাদকসেবীকে গ্রেপ্তার করেছে। শনিবার (২৫ এপ্রিল) এ অভিযান পরিচালনা করা হয়।
রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম এর কঠোর নির্দেশনায় এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসীম উদ্দীনের প্রত্যক্ষ নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের আভিযানিক দলটি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের স্বর্ণটিলা এলাকায় অবস্থান নেয়।
অভিযানকালে স্বর্ণটিলার ধন মিয়া পাহাড় সংলগ্ন জনসাধারণের চলাচলের রাস্তা থেকে মোঃ মামুনুর রশিদ (৩৮) নামক এক ব্যক্তিকে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মামুনুর রশিদ ওই এলাকারই স্থায়ী বাসিন্দা বলে পুলিশ নিশ্চিত করেছে।
গ্রেপ্তারকৃত মামুনুর রশিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে। কোতয়ালী থানা পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে তাকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
শহরের কেন্দ্রস্থলে দিনের আলোতে এমন মাদকবিরোধী অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। স্থানীয় বাসিন্দাদের মতে, মাদকসেবীদের প্রকাশ্য আনাগোনার কারণে সামাজিক পরিবেশ নষ্ট হচ্ছিল। পুলিশের এই কঠোর অবস্থান নিয়মিত অব্যাহত থাকলে রাঙামাটি শহর দ্রুত মাদকের অভিশাপ থেকে মুক্তি পাবে বলে আশা প্রকাশ করছেন সচেতন মহল।
নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটি 















