আসন্ন ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার্থীদের সাফল্য কামনায় রাঙামাটিতে বিশেষ দোয়া মাহফিল ও শিক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ এপ্রিল ২০২৬) বিকেলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাঙামাটি শহর কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্কুল বিভাগের সহ-পরিচালক মহিন উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাঙামাটি জেলা শাখার সভাপতি রবিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা অর্থ সম্পাদক মো. ছাউবান, রাঙামাটি সরকারি কলেজ সভাপতি মাহমুদ নবী এবং স্কুল বিভাগের পরিচালক মোরশেদুল আলম।
প্রধান অতিথির বক্তব্যে রবিউল ইসলাম বলেন, “পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের জন্য কঠোর পরিশ্রমের পাশাপাশি আল্লাহর ওপর ভরসা রাখা জরুরি। নৈতিকতা ও আদর্শের সমন্বয়ে সুশিক্ষিত হয়ে দেশ ও দশের কল্যাণে কাজ করতে হবে।” বক্তারা শিক্ষার্থীদের মানসিক প্রস্তুতি ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে এই ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পরীক্ষার জন্য প্রয়োজনীয় খাতা, কলমসহ বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষার্থীদের সুস্থতা, মেধার বিকাশ এবং পরীক্ষায় আশাতীত সাফল্য কামনায় এক বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
পরীক্ষার আগমুহূর্তে এমন দোয়া ও শিক্ষা সামগ্রী পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। উপস্থিত অভিভাবকরা জানান, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় আরও বেশি অনুপ্রাণিত করবে এবং তাদের দুশ্চিন্তা লাঘবে সহায়তা করবে।
নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটি 
















