রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের দুর্গম পাহাড় থেকে অবৈধভাবে পাচারের সময় বিপুল পরিমাণ চোরাই সেগুন কাঠ জব্দ করেছে সেনাবাহিনী ও বন বিভাগ। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক যৌথ অভিযানে বনজ সম্পদের এই বিশাল চালানটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাজেকের দুর্গম পাহাড়ি এলাকায় বেশ কিছুদিন ধরে একটি সন্ত্রাসী চক্র বনের মূল্যবান সেগুন গাছ কেটে পাচারের পরিকল্পনা করছিল। সন্ত্রাসীরা বন বিভাগের চোখ ফাঁকি দিয়ে পাহাড়ের গভীরে কাঠগুলো জমা করে রাখে। বিষয়টি আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর নজরে এলে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।
আজ পরিচালিত এই অভিযানে সেনাবাহিনী ও বন বিভাগের একটি চৌকস দল দুর্গম পাহাড়ি এলাকায় তল্লাশি চালিয়ে অবৈধভাবে কাটা বিপুল পরিমাণ সেগুন কাঠ উদ্ধার করে। অভিযানের সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা গহীন অরণ্যে পালিয়ে যায়। উদ্ধারকৃত কাঠের বাজারমূল্য ০৭ লক্ষ টাকা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বন বিভাগের কর্মকর্তারা জানান, পার্বত্য অঞ্চলের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। সন্ত্রাসীরা যাতে বনের সম্পদ লুণ্ঠন করতে না পারে, সেজন্য নজরদারি আরও জোরদার করা হয়েছে। জব্দকৃত কাঠ বর্তমানে বন বিভাগের হেফাজতে রয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এই অভিযানের ফলে সাজেকের দুর্গম এলাকায় অবৈধ কাঠ পাচারকারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং স্থানীয় সচেতন মহল যৌথ বাহিনীর এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।
নিজস্ব প্রতিবেদক 


















