জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাঙ্গামাটিতে এক বিরাট সমাবেশ ও গণমিছিল করেছে ১১ দলীয় ঐক্য, রাঙ্গামাটি পৌরসভা। গণভোটের গণরায়ের প্রতিফলন, জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই শহীদদের স্মরণে এই কর্মসূচি পালন করা হয়।
বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাঙ্গামাটি পৌরসভা এই গণমিছিলের আয়োজন করে। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিএনজি স্টেশন সংলগ্ন এলাকায় এক সমাবেশে মিলিত হয়।
পৌরসভা সেক্রেটারি আবুল বাশারের সঞ্চালনায় এবং পৌরসভা আমীর অ্যাডভোকেট মাইন উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গামাটি জেলা আমীর আব্দুল আলীম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর মাওলানা জাহাঙ্গীর আলম, জেলা সেক্রেটারি মনছুরুল হক, জেলা প্রচার সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশিদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাঙ্গামাটি জেলা সভাপতি আব্দুস সালাম, এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাঙ্গামাটি জেলা সভাপতি মোহাম্মদ রবিউল ইসলামসহ ১১ দলীয় ঐক্যের অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতন্ত্র, ন্যায়বিচার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার একটি ঐতিহাসিক মাইলফলক। তারা অবিলম্বে গণভোটের গণরায়ের যথাযথ প্রতিফলন এবং জুলাই সনদের দ্রুত বাস্তবায়ন দাবি করেন। একই সঙ্গে শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে একটি বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান জানানো হয়।




















