ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা রক্ষায় এবং দেশের শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করতে হবে। রাঙামাটির লংগদুতে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে জুলাই গণ-অভ্যুত্থান দিবস। দিবসটি উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী লংগদু উপজেলা শাখার উদ্যোগে এক বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় স্থানীয় মাইনীমুখ বাজারে এই কর্মসূচি পালিত হয়। জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত এই সমাবেশে প্রধান বক্তারা বলেন, ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই আন্দোলনের মাধ্যমেই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছিল। সেই আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দিয়ে বক্তারা আরও বলেন, অতীত থেকে শিক্ষা নিয়ে দেশের শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অন্যথায় ফ্যাসিস্টদের মতোই পরিণতি ভোগ করতে হতে পারে। সমাবেশ থেকে অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের জোরালো দাবি জানানো হয়।
উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা এএলএম সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি তাজ মাহমুদের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন—
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের লংগদু উপজেলা সভাপতি গোলাম রসুল সোহাগ,উপজেলা কর্মপরিষদ সদস্য ও বগাচতর ইউনিয়ন আমীর সিদ্দিকুর রহমান খোকন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মো. মঞ্জুরুল হক,কর্মপরিষদ সদস্য মাওলানা আবুবকর ছিদ্দিক ও কালাপাকুজ্যা ইউনিয়ন সভাপতি মাওলানা মো. মাঈনুদ্দীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মাইনীমুখ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় মিছিলে অংশগ্রহণকারীরা গণভোটের রায় বাস্তবায়ন ও গণহত্যার বিচার চেয়ে বিভিন্ন স্লোগান দেন।




















