যুবরাই দেশের মূল চালিকাশক্তি, মাদকমুক্ত সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষাই এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির নানিয়ারচরে নানা আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস ২০৬ অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ইউয়েভ’-এর পিভিএডব্লিউজি-সিএইচটি প্রকল্পের আয়োজনে দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়।
বুধবার (১২ আগস্ট) সকালে নানিয়ারচর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুবিনয় চাকমার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিব দাশ পুরকায়স্থ।
প্রকল্পের মেন্টর টুম্পা দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক্ষ্যং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুপন চাকমা, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান অমল কান্তি চাকমা, মহিলা বিষয়ক কর্মকর্তা ধীমান চাকমা, নানিয়ারচর থানার প্রতিনিধি এসআই মোয়াজ্জেম হোসেন, প্রকল্প সমন্বয়ক সুকান্ত চাকমা এবং প্রোগ্রাম অফিসার রুনু চাকমা প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রাজিব দাশ পুরকায়স্থ বলেন, একটি দেশের মূল চালিকাশক্তি হচ্ছে যুবসমাজ। এ দেশের যুবকরাই ২৪-এর গণঅভ্যুত্থানে বুকের তাজা রক্ত দিয়েছে। আমাদের যুবকরা আগামীর বাংলাদেশকে কোথায় দেখতে চায়, তার ওপরই দেশের ভবিষ্যৎ নির্ভর করবে।” তিনি যুব সমাজকে মাদকসহ সকল অন্যায় কাজ থেকে দূরে থাকার কঠোর আহ্বান জানান।
আলোচনা সভা শেষে অতিথিরা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। এর আগে সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য যুব র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।




















