শিক্ষার্থীদের মাঝে দুর্নীতিবিরোধী সচেতনতা সৃষ্টি এবং নৈতিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে রাঙ্গামাটি সদরে অনুষ্ঠিত হয়েছে উপজেলা পর্যায়ের দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা-২০২৬।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১০টায় রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজার এলাকার আব্দুল আলী একাডেমি উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। রাঙ্গামাটি সদর উপজেলার মোট ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১১৯ জন শিক্ষার্থী এতে উৎসাহের সাথে অংশ নেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা ও আইসিটি বিভাগের অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ বোরহান উদ্দিন, সহকারী পরিদর্শক মোহাম্মদ আবু সাদেক এবং উপজেলা শিক্ষা একাডেমিক সুপারভাইজার রতন চাকমা। এছাড়া আব্দুল আলী একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলামসহ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও অন্যান্য সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টের মধ্যে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আলা আমিন ইসলামিয়া ফাজিল মডেল ডিগ্রি মাদ্রাসা। এছাড়া রানার্সআপ হয় লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং তৃতীয় স্থান অর্জন করে শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়। অন্যদিকে, বিতর্ক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় চ্যাম্পিয়ন মাদ্রাসার শিক্ষার্থী মেহেরিন তাবাসসুম রাইসা।
আয়োজকরা আশা প্রকাশ করেছেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্ম ছোটবেলা থেকেই সততা ও নৈতিকতার পাঠ গ্রহণ করবে এবং একটি স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।




















