মাদক ও অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে রাঙামাটি কোতয়ালী থানা পুলিশ। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক নির্মূলে পরিচালিত এক বিশেষ অভিযানে মাদকসেবী, মাদকসহ হাতেনাতে আটক এবং ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিসহ মোট ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৭ আগস্ট ২০২৬) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীন-এর নেতৃত্বে এই সাঁড়াশি অভিযান পরিচালিত হয়। শহরের রিজার্ভ বাজার, শহীদ মিনার, মাঝের বস্তি এবং তবলছড়ি এলাকায় দিনভর এই অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বিশেষ এই অভিযানে— ১১ জনকে মাদক সেবনের অপরাধে, ৩ জনকে মাদক সেবনকালে হাতেনাতে মাদকসহ এবং ২ জনকে সিআর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হিসেবে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন—মো. মোর্শেদ আলম, মো. সালাম, অর্নব ত্রিপুরা, অজয় ত্রিপুরা এবং সিআর ওয়ারেন্টমূলে গ্রেফতার মো. আমজাদ হোসেন ও শ্যামলা দাশসহ মোট ১৬ জন।
এ বিষয়ে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীন কঠোর হুশিয়ারি দিয়ে জানান, মাদক নির্মূল এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদক সেবন, মাদক ব্যবসা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করে এমন কোনো অপরাধকে ছাড় দেওয়া হবে না।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত সকলের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এমন সাঁড়াশি অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।




















