বান্দরবানের থানচিতে প্রান্তিক জনগোষ্ঠীর পেশাগত দক্ষতা বৃদ্ধি ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে আয়োজিত ১০ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। সোমবার সকালে থানচি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এই সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বান্দরবান জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক ও কোর্স উপদেষ্টা মিল্টন মুহুরী প্লাস্টিকজাতীয় পণ্যের ব্যবহার বর্জন করে দেশীয় কুটির শিল্প রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর হাতে তৈরি কুটির শিল্পের পণ্য শুধু জীবিকার মাধ্যমই নয়, এটি আমাদের দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ।
থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সত্যজিৎ মজুমদার, থানচি প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম এবং উপজেলা সমাজসেবা অধিদপ্তরের সুপারভাইজার মো. আমীর হোসেন।
বক্তারা বলেন, দেশীয় কুটির শিল্পকে টিকিয়ে রাখতে প্রান্তিক জনগোষ্ঠীকে প্রশিক্ষণের পাশাপাশি তাদের উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারণ করা জরুরি। এতে একদিকে ঐতিহ্য সংরক্ষণ হবে, অন্যদিকে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ১০ দিনব্যাপী এই প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে প্রশিক্ষণ সনদপত্র এবং প্রয়োজনীয় উপকরণ ক্রয়ের জন্য নগদ অর্থ বিতরণ করা হয়।




















