উত্তম পোশাক, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের তাগিদ; ভালো কাজের স্বীকৃতি স্বরূপ দেওয়া হলো আর্থিক পুরষ্কার।
আজ শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ লাইন্সে জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত হলো মাসিক কল্যাণ সভা। রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণ নিয়ে আলোচনা করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল হোছাইন, পিপিএম-এর সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।
সভায় জেলার বিভিন্ন প্রান্ত ও ইউনিট থেকে আসা বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা তাদের পেশাগত ও ব্যক্তিগত নানা সুবিধা-অসুবিধার কথা পুলিশ সুপারের সামনে তুলে ধরেন। পুলিশ সুপার অত্যন্ত ধৈর্য ও মনোযোগ সহকারে সবার বক্তব্য শোনেন এবং তাৎক্ষণিকভাবে কিছু সমস্যার সমাধান করেন। বাকি সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশনা প্রদান করেন তিনি।
কল্যাণ সভার বক্তব্যে পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব উপস্থিত সকল অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে বলেন, পুলিশ বাহিনীর ভাবমূর্তি বজায় রাখতে হবে। এ সময় তিনি সঠিক ও উত্তম পোশাক পরিধান, নৈতিক স্খলন রোধ, প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা, কর্তৃপক্ষের আদেশ-নির্দেশ মেনে চলা এবং সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে অর্পিত দায়িত্ব পালনের ওপর বিশেষ জোর দেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিগত এক মাসে আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তায় ভালো কাজের স্বীকৃতিস্বরূপ রাঙ্গামাটি জেলা পুলিশের পক্ষ থেকে বেশ কয়েকজন চৌকস অফিসার ও ফোর্সকে নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়।
উক্ত কল্যাণ সভায় রাঙ্গামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ বিভিন্ন স্তরের পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।




















