খাগড়াছড়ির দুর্গম পাহাড়ি এলাকার সাধারণ মানুষের দোরগোড়ায় বিশেষজ্ঞ চিকিৎসাসেবা পৌঁছে দিতে এক মহতী উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। খাগড়াছড়ি রিজিয়ন এবং খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের যৌথ উদ্যোগে আয়োজিত দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে সর্বমোট ৮৬১ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে আয়োজিত এ চিকিৎসাসেবা কার্যক্রমে সার্জারি, মেডিসিন, চর্মরোগ, স্ত্রীরোগ ও চক্ষু বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকগণ রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন। যোগাযোগ ও ভৌগোলিক সীমাবদ্ধতার কারণে যেসব এলাকার জনসাধারণের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা গ্রহণ তুলনামূলকভাবে কঠিন, খাগড়াছড়ি রিজিয়নের অধীনস্থ বিভিন্ন জোনের ব্যবস্থাপনায় সেসব প্রত্যন্ত ও দুর্গম এলাকার রোগীদের হাসপাতালে নিয়ে আসার বিশেষ ব্যবস্থা করা হয়।
চিকিৎসা নিতে আসা স্থানীয় বাঙালি ও অ-বাঙালি রোগীরা জানান, দুর্গম যোগাযোগ ব্যবস্থার কারণে সবসময় চাইলেও জেলা সদরে এসে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া তাঁদের পক্ষে সম্ভব হয় না। সেনাবাহিনীর এই আয়োজনে বিনামূল্যে উন্নত চিকিৎসা ও ওষুধ পেয়ে তারা অত্যন্ত উপকৃত হয়েছেন।
পার্বত্য অঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বাস্থ্যগত দুর্ভোগ লাঘব এবং স্থানীয় পর্যায়ে সম্প্রীতি ও আর্থ-সামাজিক উন্নয়নের ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের জনকল্যাণমূলক মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।




















