তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত করে জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে বান্দরবান সদর উপজেলা বিপ্লবী দলের ২১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি অনুমোদিত হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী বিপ্লবী দল (বিএনআরপি) বান্দরবান জেলা আহ্বায়ক কমিটির উদ্যোগে বান্দরবান সদর উপজেলা শাখার ২১ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
গত বৃহস্পতিবার জেলা কমিটির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই কমিটি ঘোষণা করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী বিপ্লবী দল বান্দরবান জেলা কমিটির আহ্বায়ক মোহাম্মদ আলী। জেলা কমিটির সদস্য সচিব মো. পারভেজ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক সূর্য্য সেন তংচঙ্গা ও মো. ছৈয়দ নুর।
নবগঠিত এই কমিটিতে চমং মারমা (মং বু)-কে আহ্বায়ক, চিংচাই মং মারমা-কে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মো. সাইফুল ইসলাম-কে সদস্য সচিব এবং মো. হামিদুর রহমান-কে সিনিয়র যুগ্ম সদস্য সচিব করা হয়েছে। এছাড়া হ্লাউ মং মারমা ও অংহ্লাচিং মারমা-কে যুগ্ম সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে বান্দরবান জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন। নবগঠিত কমিটির নেতৃবৃন্দের উদ্দেশে বক্তারা বলেন, পাহাড়ি জনপদে জাতীয়তাবাদী বিপ্লবী দলের আদর্শ ছড়িয়ে দিতে এবং সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও বেশি শক্তিশালী ও সুসংগঠিত করতে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি সাধারণ মানুষের অধিকার আদায় ও জনকল্যাণমুখী কার্যক্রমে সক্রিয় থাকার আহ্বান জানানো হয়।




















