কুমিল্লার দেবিদ্বারে আওয়ামী লীগের কথিত নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে একটি শক্তিশালী বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে উপজেলা যুবদল।
আজ বিকেল ৪টায় দেবিদ্বার উপজেলা পরিষদের প্রধান ফটক থেকে এক বর্ণাঢ্য মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। দেবিদ্বার উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরাও।
উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল মোল্লা এবং যুগ্ম আহ্বায়ক সোহেল নেয়ামত সরকারের নেতৃত্বে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুফিয়া বেগম।
এ সময় বক্তারা আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর ভাষায় নৈরাজ্য ও নাশকতার অভিযোগ তুলেন এবং এর তীব্র নিন্দা জানান। পাশাপাশি দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক রাজনৈতিক কর্মসূচি অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।



















