বান্দরবানের লামা উপজেলায় এক মর্মান্তিক ও রহস্যজনক ঘটনা ঘটেছে। পাহাড়ের একটি জুম খেত থেকে হাত-পা বাঁধা অবস্থায় মো. ছগির (৪৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে লামার রূপসীপাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হাতিরঝিরি এলাকায় এই লোমহর্ষক ঘটনা ঘটে। নিহত মো. ছগির ওই এলাকার পূর্ব শিলেরতুয়া ছামাইছড়ি এলাকার নুর হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জুমিয়ারা পাহাড়ে জুমে কাজ করতে গিয়ে হঠাৎ হাত-পা বাঁধা অবস্থায় একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিকভাবে তারা বিষয়টি স্থানীয় লোকজনকে জানান এবং পরবর্তীতে লামা থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
রূপসীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম জানিয়েছেন, খবর পেয়ে তিনি নিজেও ঘটনাস্থলে উপস্থিত হন এবং স্থানীয়দের মাধ্যমে নিহতের স্বজনরা মরদেহের পরিচয় নিশ্চিত করেন। তবে ঠিক কী কারণে এই নির্মম হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো পরিষ্কার নয়।
এ বিষয়ে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ জানান, লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। প্রাথমিক এটি একটি হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনার মূল রহস্য উদ্ঘাটনে এবং এর সঙ্গে জড়িতদের গ্রেফতারে তদন্ত চালিয়ে যাচ্ছে।



















