দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য এবং আওয়ামী লীগের কথিত গুপ্ত তৎপরতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে রাঙামাটির কাপ্তাইয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কাপ্তাই উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মিলনায়তনের সামনে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের ইব্রাহিম হাবিব মিলুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন—উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন,সিনিয়র সহ-সভাপতি জাফর আহমেদ স্বপন,রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত সদস্য ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বাবু উথোয়াই মং মারমা, উপজেলা যুবদলের আহ্বায়ক সৈয়দ মোহাম্মদ জাহিদুল ইসলামসহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা সাম্প্রতিক বিভিন্ন কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানান এবং দেশের স্থিতিশীলতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সক্রিয় থাকার আহ্বান জানান। তারা কাপ্তাইয়ে যেকোনো ধরনের রাজনৈতিক অস্থিতিশীলতা বা বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করার ঘোষণা দেন।
প্রতিবাদ সমাবেশ শেষে বিগত সরকারের আমলে সৃষ্ট বিদ্যুৎ ও সার সংকট নিরসনে বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন ইতিবাচক পদক্ষেপ সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করতে লিফলেট বিতরণ করেন বিএনপি নেতারা। এ সময় কাপ্তাই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।




















