পার্বত্য অঞ্চলের মানুষের জন্য নিরাপদ ও নির্ভরযোগ্য পানির ব্যবস্থা নিশ্চিত করতে পাহাড়ি ঝর্ণাগুলো পুনরুজ্জীবিত করার ওপর বিশেষ জোর দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু। তিনি বলেছেন, পানির সংকট নিরসনে আন্তর্জাতিক সংস্থা ইসিমোডের সফল পদ্ধতিগুলো পুরো পাহাড়ে ছড়িয়ে দিতে হবে।
আজ বিকেলে সচিবালয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে মন্ত্রীর সাথে আন্তর্জাতিক সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্ট (আইসিআইএমওডি বা ইসিমোড)-এর একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন।
সাক্ষাৎকালে মন্ত্রী স্থানীয় পানির সংকট নিরসন এবং স্প্রিংশেড বা ঝর্ণার উৎস সুরক্ষায় ইসিমোডের ‘এইচআই-সিএএস’ (HI-CAS) প্রকল্পের উদ্যোগকে স্বাগত জানান। এছাড়া পাহাড়ি অঞ্চলে জলবায়ু অভিযোজন ও পানি নিরাপত্তা জোরদারে সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে শক্তিশালী সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বৈঠকে জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়নে যৌথভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে উভয়পক্ষ। এ সময় ইসিমোড প্রতিনিধিদলের কর্মকর্তা ও মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



















