তারুণ্যের উদ্দীপনা আর উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে পর্দা নামল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) আয়োজিত “১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ ২০২৬”-এর। গত ০৩ অক্টোবর ২০২৬ খ্রি. তারিখে দামপাড়া পুলিশ লাইন্স ইনডোরে জমকালো ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়।
প্রতিযোগিতার পুরুষ বিভাগের ফাইনালে উত্তর জোনের পাঁচলাইশ মডেল থানা ও দক্ষিণ জোনের চকবাজার থানা একে অপরের মুখোমুখি হয়। এক তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে জয় ছিনিয়ে নেয় পাঁচলাইশ মডেল থানা। অন্যদিকে, মহিলা বিভাগের ফাইনালে জয়লাভ করে কোতোয়ালী থানা। তরুণ খেলোয়াড়দের প্রাণবন্ত উপস্থিতি পুরো ইনডোর স্টেডিয়ামকে এক উৎসবের আমেজে রূপ দেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপির পুলিশ কমিশনার হাসান মোঃ শওকত আলী। বিজয়ী ও অংশগ্রহণকারী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়ার সময় তিনি বলেন,কমিউনিটি পুলিশিংয়ের মূল লক্ষ্য হলো পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বৃদ্ধি করা। খেলাধুলা মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি গড়ে তোলার একটি শক্তিশালী মাধ্যম। তরুণদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত রেখে একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তুলতে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (সদর) মো: ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), এবং উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)-সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং চট্টগ্রাম মহানগরের কমিউনিটি পুলিশ ও ক্রীড়া অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।




















