বান্দরবানে উৎসবমুখর পরিবেশে পর্দা নামল ‘সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর। বাংলাদেশ সেনাবাহিনীর বান্দরবান রিজিয়নের পৃষ্ঠপোষকতা ও সার্বিক সহযোগিতায় আয়োজিত এই টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ রবিবার (৪ অক্টোবর) বিকেলে এক আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়।
আজকের জমজমাট ফাইনালে পুরুষ বিভাগে বান্দরবান সদর উপজেলা দল ১–০ গোলে আলীকদম উপজেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে, নারী বিভাগে থানচি উপজেলা নারী দল চ্যাম্পিয়ন এবং বান্দরবান সদর উপজেলা নারী দল রানার্সআপ হওয়ার সম্মান অর্জন করে। পুরুষ বিভাগে রানার্সআপ হয়েছে আলীকদম উপজেলা দল।
টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান রিজিয়ন কমান্ডার ও ৬৯ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আরিফুল ইসলাম, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ রুবায়াত জামিল, বিএসপি; বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান মিজ ম্যামাচিং; সাবেক চেয়ারম্যান প্রফেসর থানজামা লুসাই; বান্দরবান সদর জোন জোন কমান্ডারের প্রতিনিধি লেফটেন্যান্ট কর্নেল সায়েম আহমেদ, পিএসসি; জেলা প্রশাসক মোঃ সানিউল ফেরদৌসসহ সামরিক ও বেসামরিক প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং ক্রীড়ামোদী দর্শকবৃন্দ।
খেলায় ব্যক্তিগত নৈপুণ্যে উজ্জ্বল ছিলেন বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়রা। নারী বিভাগে সেরা গোলকিপার নির্বাচিত হন রিংকি মারমা, সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতা হন মাপ্রুচিং মারমা এবং ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন দীপা চাকমা। এছাড়া পুরুষ বিভাগে সেরা গোলকিপার ইমন বড়ুয়া এবং সেরা খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতা ও ম্যান অব দ্য ম্যাচ হওয়ার গৌরব অর্জন করেন মোঃ জাফর।
খেলোয়াড়দের দুর্দান্ত নৈপুণ্য এবং হাজারো দর্শকের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো স্টেডিয়াম চত্বর প্রাণবন্ত হয়ে ওঠে। আয়োজকদের মতে, খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি পাহাড়ি ও বাঙালি বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ঐক্য, সম্প্রীতি এবং ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করাই ছিল এই টুর্নামেন্টের মূল লক্ষ্য।




















