বান্দরবানের থানচি উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পর্যটকবাহী একটি চান্দের গাড়ি গভীর খাদে পড়ে ২ জন পর্যটক নিহত হয়েছেন। তবে বিজিবি সদস্যদের তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপে অলৌকিকভাবে বেঁচে গেছেন গুরুতর আহত অপর ৫ জন পর্যটক।
আজ ০৫ অক্টোবর ২০২৬ (সোমবার) বিকাল ৩টা ৪৫ মিনিটের দিকে থানচি উপজেলার দুর্গম ডিমপাহাড়-টেন্ডুমুখ সড়কে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও বিজিবি সূত্র জানায়, পর্যটকদের বহনকারী চান্দের গাড়িটি পাহাড়ি বক্রপথে নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ করেই রাস্তার পাশের গভীর খাদে পড়ে যায়। গাড়িটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই ২ জন পর্যটক প্রাণ হারান এবং অপর ৫ জন গুরুতর আহত হয়ে খাদে আটকা পড়েন।
দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই মানবিক দায়িত্ববোধ ও সাহসিকতার পরিচয় দেয় বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)-এর টেন্ডুমুখ বিজিবি ক্যাম্পের টহল দল। মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে বিজিবি সদস্যরা উদ্ধারকাজ শুরু করেন। তীব্র প্রতিকূলতার মধ্যেও তারা দ্রুত আহত ৫ জনকে গভীর খাদ থেকে উদ্ধার করে জীবনরক্ষাকারী প্রাথমিক সহায়তা প্রদান করেন এবং দ্রুত উন্নত চিকিৎসার জন্য আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।
এদিকে, মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহত ২ জনের মরদেহ ও সার্বিক আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করতে থানচি থানাকে অবহিত করা হয়েছে। দুর্গম পাহাড়ি এলাকায় সাধারণ মানুষের বিপদে-আপদে বরাবরের মতোই বিজিবি’র এই দ্রুত ও মানবিক ভূমিকা স্থানীয় ও পর্যটকদের মাঝে ব্যাপক প্রশংসার কুঁড়িয়েছে।




















