খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় এক অদ্ভুত ও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। যে ব্যক্তি এলাকায় মাদক নির্মূলের দায়িত্ব নিয়েছিলেন এবং মসজিদের সভাপতির মতো পবিত্র দায়িত্বে ছিলেন, তিনিই কি না নিজেই জড়িয়ে পড়েছেন মাদক ব্যবসায়, ৫১ পিস ইয়াবাসহ তাকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
দীঘিনালা উপজেলার মধ্য বোয়ালখালী এলাকার এক সুপরিচিত নাম মো. সেলিম। তিনি এলাকার বাইতুন নূর জামে মসজিদের সভাপতি এবং চমকপ্রদ তথ্য হলো, তিনি ‘মধ্য বোয়ালখালী মাদক নির্মূল কমিটি’রও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। কিন্তু প্রবাদ আছে—”রক্ষকই ভক্ষক”। মাদকবিরোধী কমিটির আড়ালে তিনি নিজেই দীর্ঘদিন ধরে ইয়াবা কারবার চালিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে ৫১ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করে। নিজের নামের সাথে সামঞ্জস্যহীন এমন অপরাধমূলক কর্মকাণ্ডে এলাকায় সাধারণ মানুষের মাঝে চরম ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের প্রশ্ন, সমাজের শীর্ষস্থানীয় দায়িত্বশীল ব্যক্তিরা যদি এমন অপরাধে জড়িয়ে পড়েন, তবে সাধারণ তরুণ সমাজ কীভাবে রক্ষা পাবে।
এ ঘটনায় স্থানীয় প্রশাসন জানিয়েছে, আটক সেলিমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মাদক কারবারী সে যেই হোক না কেন, তার সাথে কোনো ছাড় দেওয়া হবে না।




















