খাগড়াছড়ির মহালছড়ির দুর্গম পাহাড়ি এলাকায় চিকিৎসা সেবার ঘাটতি পূরণে এক প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে মহালছড়ি সেনা জোন। প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সম্প্রতি দাঁতকুপ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক বিশাল ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
ক্যাম্পে দুর্গম এলাকার বাঙালি ও অ-বাঙালি সম্প্রদায়ের নারী, পুরুষ এবং শিশুসহ মোট ২৯৪ জন রোগীকে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা প্রদান করা হয়। চিকিৎসা শেষে রোগীদের মাঝে প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়।
মহালছড়ি জোনের আরএমও ক্যাপ্টেন বোরহান উদ্দিন বায়েজিদ এবং ক্যাপ্টেন আজিমসহ জোনের অন্যান্য কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
নিজ এলাকায় এমন চিকিৎসাসেবা পেয়ে গভীর সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের মতে, পাহাড়ি অঞ্চলের দুর্গম রাস্তা পেরিয়ে চিকিৎসকের কাছে যাওয়া ও ওষুধ কেনা অত্যন্ত দুরূহ।
সেনাবাহিনীর এই মহতী উদ্যোগ তাদের দুর্ভোগ অনেকটাই লাঘব করেছে। ভবিষ্যতেও এই ধরনের জনকল্যাণমূলক স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত রাখার জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।
জোন কর্তৃপক্ষ জানিয়েছে, প্রান্তিক মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে সেনাবাহিনীর এ ধরনের মানবিক কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।




















