খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার রসিকনগর গোলছড়ি এলাকায় বাঙালিদের বৈধ জমি দখল করে ক্যাংঘর নির্মাণের পরিকল্পনার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় ভূমির মালিকানা, মালিকদের অধিকার এবং এলাকার শান্তিপূর্ণ পরিবেশ নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, দীঘিনালা উপজেলা শাখা।
স্থানীয় সূত্রে জানা যায়, সংশ্লিষ্ট এলাকায় এর আগেও একাধিকবার একই ধরনের পরিকল্পনার উদ্যোগ নেওয়া হয়েছিল। নতুন করে এই অভিযোগ ওঠায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চাপা উত্তেজনা ও উদ্বেগ বিরাজ করছে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, কারও ব্যক্তিগত বা বৈধ মালিকানাধীন জমি জোরপূর্বক দখল করে কোনো স্থাপনা নির্মাণের চেষ্টা করা হলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এ বিষয়ে একটি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জমির প্রকৃত মালিকানা যাচাই এবং অবিলম্বে আইনসম্মত ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি জানানো হয়েছে।
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের দীঘিনালা উপজেলা শাখা থেকে পাঠানো এক বিবৃতিতে এই কথিত ভূমি দখল ও ক্যাংঘর নির্মাণের পরিকল্পনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে, স্থানীয় প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়েছে—বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে জমির প্রকৃত মালিকদের অধিকার রক্ষা এবং পাহাড়ে স্থায়ী শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক।
স্থানীয় সচেতন মহলের মতে, উদ্ভূত পরিস্থিতিতে দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন এবং আইন অনুযায়ী দ্রুত সমাধান নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় প্রয়োজন।




















