খাগড়াছড়ির মানিকছড়িতে শেষ হয়েছে হালদা নদীর জীববৈচিত্র্য রক্ষা এবং আধুনিক মৎস্য চাষ বিষয়ক তিন দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ। হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় এই উদ্যোগ গ্রহণ করে উপজেলা মৎস্য অধিদপ্তর।
গত সোমবার (৫ অক্টোবর) উপজেলা পরিষদ মিলনায়তনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভুঁইয়া। তিন দিনব্যাপী চলা এই কর্মশালায় উপজেলার প্রান্তিক ও উদ্যোগী ২৫ জন মৎস্যচাষি সক্রিয়ভাবে অংশ নেন।
প্রশিক্ষণ চলাকালীন সময়ে অংশগ্রহণকারী চাষিদের আদর্শ পুকুর ব্যবস্থাপনা, বৈজ্ঞানিক উপায়ে পোনা পরিবহন পদ্ধতি, নার্সারি ব্যবস্থাপনা, এবং হালদা নদীর অনন্য গুরুত্ব সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। এছাড়া, হালডার জীববৈচিত্র্য রক্ষায় উজানের বাসিন্দাদের করণীয় এবং বিভিন্ন লাভজনক জাতের মাছ চাষের কলাকৌশল নিয়ে আলোচনা করেন অভিজ্ঞ প্রশিক্ষকরা।
প্রশিক্ষক হিসেবে মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন—উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহমুদুল হাসান,রামগড় উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ার হোসেন,জেলা মৎস্যবীজ উৎপাদন খামারে ব্যবস্থাপক শরৎ কুমার ত্রিপুরা,উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মিলন কৃষ্ণ চাকমা
প্রশিক্ষণের তাত্ত্বিক ক্লাসের পাশাপাশি এর ব্যবহারিক অংশ হিসেবে জেলা মৎস্যবীজ উৎপাদন খামারে একটি মাঠ পরিদর্শন অনুষ্ঠিত হয়। সেখানে মৎস্য হ্যাচারিসহ বিভিন্ন আধুনিক প্রদর্শনী ঘুরে দেখেন প্রশিক্ষনার্থীরা।
সর্বশেষ বুধবার (৭ অক্টোবর) সকালে খাগড়াছড়ি জেলা মৎস্য ভবনের সভা কক্ষে এক ঝাঁক উৎসাহব্যঞ্জক আয়োজনের মধ্য দিয়ে প্রশিক্ষণটির সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়। সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা ড. রাজু আহমেদ ও সিনিয়র সহকারী পরিচালক ড. সুমন বড়ুয়া।
কর্তৃপক্ষের এমন সময়োপযোগী প্রশিক্ষণের মাধ্যমে মানিকছড়ির মৎস্য খাত আরও সমৃদ্ধ হবে এবং হালদার জীববৈচিত্র্য সুরক্ষায় স্থানীয়রা আরও বেশি সচেতন হয়ে উঠবেন বলে আশাবাদ সংশ্লিষ্টদের।




















