কাপ্তাইয়ের চাকুয়া পাড়ায় তিন বছর ধরে ভাঙা সেতু, কাঁচা সড়কে চরম দুর্ভোগে এলাকাবাসী
পাহাড় ঘেরা রাঙামাটির কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চাকুয়া পাড়া। এলাকার মানুষের যাতায়াতের একমাত্র ভরসা এই জনপদ যেন আজ যোগাযোগ বিচ্ছিন্ন এক দ্বীপে পরিণত হয়েছে। দীর্ঘ তিন বছর ধরে ভাঙা অবস্থায় পড়ে আছে চলাচলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেতু। একই সঙ্গে সংযোগ সড়কটিও রয়ে গেছে কাঁচা ও বেহাল। আর এতেই প্রতিদিন চরম দুর্ভোগ ও অমানবিক কষ্টের শিকার হচ্ছেন এই এলাকার সাধারণ মানুষ।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিন হাজারো মানুষের চলাচলের এই পথটি দীর্ঘদিন ধরে সংস্কারের ছোঁয়া না পাওয়ায় শিক্ষা, স্বাস্থ্য ও জীবিকার প্রতিটি ক্ষেত্রে বড় ধরনের ধস নেমেছে। বিশেষ করে জরুরি মুহূর্তে কোনো অসুস্থ রোগীকে হাসপাতালে নেওয়া কিংবা কোমলমতি শিক্ষার্থীদের প্রতিদিন ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে যাতায়াত করা এখন এক দুঃস্বপ্নে পরিণত হয়েছে। সামান্য বৃষ্টিতেই কাঁচা সড়কটি কাদামাটিতে একাকার হয়ে যায়, ফলে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয় শিশু থেকে শুরু করে বয়স্ক ও প্রবীণ নাগরিকদের।
দীর্ঘ তিন বছর ধরে ভাঙা সেতু পুনর্নির্মাণ এবং সড়কটি পাকাকরণের কোনো কার্যকর উদ্যোগ না নেওয়ায় এলাকাবাসীর জীবনযাত্রা হয়ে পড়েছে দুর্বিষহ। বর্ষা মৌসুমে এই দুর্ভোগ বহুগুণ বেড়ে যায়। স্থানীয়দের একটাই আকুতি, আর কতকাল এই ভোগান্তি সহ্য করতে হবে।
এলাকার মানুষের মৌলিক অধিকার, নিরাপদ যোগাযোগ ব্যবস্থা ও স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে দ্রুত এই ভাঙা সেতু পুনর্নির্মাণ এবং কাঁচা সড়কটি পাকাকরণের জন্য বর্তমান সরকারের সংশ্লিষ্ট কতৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। চাকুয়া পাড়ার এই অবহেলিত মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে—এমনটাই এখন তাঁদের একমাত্র প্রত্যাশা।




















