সাজেক গণঅধিকার রক্ষা কমিটির ঘোষণা অনুযায়ী আগামীকাল থেকে বন্ধ থাকছে সাজেক যাওয়ার প্রধান সড়ক; চরম অনিশ্চয়তায় পর্যটকরা।
বেড়াতে যাওয়ার আনন্দ নিমেষেই রূপ নিলো উৎকণ্ঠায়! ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষ হতেই এবার সাজেক পর্যটন সড়কে অনির্দিষ্টকালের সর্বাত্মক অবরোধের ডাক দিয়েছে ‘সাজেক গণঅধিকার রক্ষা কমিটি’। কাল দুপুর থেকে এই অবরোধ কার্যকর হওয়ার কথা রয়েছে। ফলে দেশের অন্যতম জনপ্রিয় এই পর্যটন কেন্দ্রে যাতায়াতকারী হাজারো ভ্রমণপিপাসু ও স্থানীয়দের মধ্যে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিভিন্ন দাবি বাস্তবায়নে প্রশাসনের প্রতি দেওয়া ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষ হয় সম্প্রতি। নির্ধারিত সময়ের মধ্যে দাবি মানা না হওয়ায় সাজেক গণঅধিকার রক্ষা কমিটি এবং সাজেক কারবারী এসোসিয়েশনের যৌথ উদ্যোগে এই কঠোর কর্মসূচির ঘোষণা আসে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত সাজেকমুখী কোনো ধরণের পর্যটকবাহী যান বা সাধারণ পরিবহন চলাচল করতে দেওয়া হবে না।
হঠাৎ এই অবরোধের ঘোষণায় চরম বিপাকে পড়েছেন সাজেকে অবস্থানরত এবং আগাম বুকিং করা পর্যটকরা। সাপ্তাহিক ছুটির দিনগুলোতে সাজেকে পর্যটকদের উপচে পড়া ভিড় থাকে, কিন্তু এই অবরোধের কারণে অনেকেই এখন মাঝপথেই আটকা পড়ার আশঙ্কায় আছেন। পাহাড়ি এই জনপদে এই কর্মসূচিকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতাও বাড়ানো হয়েছে।
পর্যটন মৌসুমের ঠিক এই সময়ে এমন টানা অবরোধ সাজেককেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য ও পর্যটন শিল্পে বড় ধরণের ধাক্কা দেবে বলে শঙ্কা প্রকাশ করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের পক্ষ থেকে দ্রুত কার্যকর কোনো আলোচনা বা উদ্যোগ নেওয়া হয় কি না, এখন সেটাই দেখার বিষয়।




















