জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ ও পেশাগত উৎকর্ষ অর্জনের লক্ষ্য নিয়ে বান্দরবান পার্বত্য জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে অনুষ্ঠিত হয়েছে জেলা পুলিশের পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল ‘মাস্টার প্যারেড’।সোমবার (১২ অক্টোবর ২০২৬) আয়োজিত এ অনুষ্ঠানে জেলা পুলিশ লাইন্স, বিভিন্ন থানা, তদন্ত কেন্দ্র, ফাঁড়ি ও ক্যাম্পের কর্মকর্তাসহ সব ইউনিটের ইনচার্জ ও সদস্যগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে কুচকাওয়াজ পরিদর্শন ও প্যারেডের অভিবাদন গ্রহণ করেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মোঃ ওহাবুল ইসলাম খন্দকার। পরিদর্শনকালে তিনি প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সদের শারীরিক সক্ষমতা (Physical Fitness), টার্নআউট, ড্রিলের শৃঙ্খলা, কমান্ড অনুসরণের দক্ষতা এবং সামগ্রিক প্যারেড কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
পরিদর্শন শেষে পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্যে পুলিশ সুপার বলেন, “জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনই পুলিশ বাহিনীর প্রধান লক্ষ্য। প্রতিটি সদস্যকে জনবান্ধব, সেবামুখী ও পেশাদার মনোভাব নিয়ে দায়িত্ব পালন করতে হবে।” তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে টিমওয়ার্কের কোনো বিকল্প নেই। সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে জনগণকে সর্বোচ্চ মানের পুলিশি সেবা পৌঁছে দিতে তিনি সকলকে আহ্বান জানান।
উক্ত বর্ণাঢ্য মাস্টার প্যারেডে কমান্ডারের দায়িত্ব পালন করেন বান্দরবান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ফরহাদ সরদার, পিপিএম-সেবা।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জিনিয়া চাকমা, সহকারী পুলিশ সুপার (রুমা সার্কেল) তাসলিম হুসাইন-সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।




















