আসন্ন শারদীয় দুর্গাপূজা আনন্দমুখর ও সাড়ম্বরে উদযাপনে খাগড়াছড়ির পানছড়িতে মন্দির ও পূজামণ্ডপগুলোতে আর্থিক সহায়তা প্রদান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩বিজিবি)। বুধবার (১৪ অক্টোবর) পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) ও লোগাং জোনের উদ্যোগে দায়িত্বপূর্ণ এলাকার বেশ কয়েকটি ধর্মীয় প্রতিষ্ঠানের নেতৃপক্ষের হাতে এই অনুদানের অর্থ তুলে দেওয়া হয়।
পার্বত্য এলাকায় শান্তি, সম্প্রীতি ও সাম্প্রদায়িক সহাবস্থান বজায় রাখার অংশ হিসেবে এই সহায়তা প্রদান করেন পানছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক ও লোগাং জোন কমান্ডার লেঃ কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিপিএম (সেবা)।
যেসব মন্দিরে অনুদান দেওয়া হয়:পানছড়ি বাজার কেন্দ্রীয় দেবালয় (কেন্দ্রীয় মন্দির),আদি ত্রিপুরা পাড়া মন্দির, সাঁওতাল পাড়া লোকনাথ সেবাশ্রম,লোগাং হেডম্যান পাড়া দুর্গা মন্দির, লোগাং বাজার বিগ্রহ মন্দির,অষ্টমঙ্গলা শিব মন্দির।
অনুদান হস্তান্তরকালে জোন কমান্ডার লেঃ কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, পার্বত্য অঞ্চলে সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। স্থানীয়দের সার্বিক উন্নয়ন ও ধর্মীয় উৎসবগুলো যাতে সবাই আনন্দের সাথে উদযাপন করতে পারেন, সেজন্য বিজিবির এই ধরনের জনকল্যাণমূলক সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট মন্দির ও পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




















