শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় কড়া নিরাপত্তা বলয় গড়ে তুলেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩বিজিবি)। উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে বিজিবির মোবাইল টহলের পাশাপাশি প্রথমবারের মতো আকাশপথে ড্রোন দিয়ে নজরদারি চালানো হচ্ছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিপিএম (সেবা) উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি মণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় প্রবীণ ব্যক্তি ও ভক্তদের সাথে কুশল বিনিময় করেন এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন। পূজামণ্ডপগুলোতে পূজা উদযাপনের পরিবেশ যেন বিঘ্নিত না হয়, সে বিষয়ে স্থানীয়দের সাথে মতবিনিময়ও করেন জোন অধিনায়ক।
বিজিবি সূত্র জানায়, পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি রোধে কৌশলগত পয়েন্টগুলোতে কঠোর নজরদারি রাখা হয়েছে। পাশাপাশি ডিজিটাল নজরদারির অংশ হিসেবে ড্রোন ক্যামেরা ব্যবহার করে পূজামণ্ডপ ও আশপাশের এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ৩ বিজিবি।
পরিদর্শনকালে লেঃ কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, সীমান্ত রক্ষার পাশাপাশি এলাকার সার্বিক শান্তি-শৃঙ্খলা ও আন্তঃধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে বিজিবি সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। সব ধর্মের মানুষ যেন নিশ্চিন্তে ও আনন্দের সাথে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সে লক্ষ্যেই এই বিশেষ ব্যবস্থা।
পার্বত্য অঞ্চলের বহুজাতিক ও অসাম্প্রদায়িক ঐতিহ্য বজায় রাখতে তিনি স্থানীয় সকল জাতি, ধর্ম ও বর্ণের মানুষকে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তার আহ্বান জানান।




















