আজকের উদ্ভাবন, আগামীর পুষ্টি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মানিকছড়িতে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ-এর উদ্যোগ এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব খাদ্য দিবস পালিত হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ মিলনায়তনে গিয়ে এক সচেতনতামূলক আলোচনা সভায় মিলিত হয়। এতে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, কারিতাসের কর্মকর্তা ও মাঠ সহায়করাসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
কারিতাসের মাঠ কর্মকর্তা সাধন কৃষ্ণ চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও বক্তা হিসেবে বক্তব্য দেন—উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাদিজা তাহিরা, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহমুদ হাসান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রিপন হোসেন, হেডম্যান ক্যাচিংউ চৌধুরী, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জাকির হোসেন এবং স্থানীয় সাংবাদিক মো. রবিউল হোসেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, খাদ্য প্রতিটি মানুষের মৌলিক অধিকার। তবে কেবল খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করলেই হবে না, বরং সমাজের সর্বস্তরের মানুষের জন্য নিরাপদ, পুষ্টিকর ও মানসম্মত খাদ্য সুনিশ্চিত করা এখন সময়ের বড় দাবি।
কৃষিখাতে আধুনিক প্রযুক্তির যথাযথ ব্যবহার ও পরিবেশবান্ধব কৃষি পদ্ধতি গড়ে তোলার ওপর জোর দিয়ে বক্তারা আরও বলেন, খাদ্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি খাদ্যের অপচয় রোধে সাধারণ মানুষকে সচেতন হতে হবে। সবার জন্য পুষ্টিকর ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে সমন্বিতভাবে এগিয়ে আসতে হবে।




















