পাহাড়ের দুর্গম পথ আর নানামুখী সামাজিক প্রতিকূলতা—কোনোটাই থামাতে পারেনি তার অদম্য ইচ্ছাশক্তিকে। খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার দুল্যাতলী এলাকার এক সাধারণ পরিবারের সন্তান জীবন বাবু চাকমা। বাবা দেঙ্গা চাকমার জ্যেষ্ঠ বা কনিষ্ঠ সন্তান হয়েও দারিদ্র্যকে জয় করে তিনি গড়ে তুলেছেন নিজের স্বপ্নের পথ।
নিজের মেধা ও সংকল্পের জোরে জীবন বাবু চাকমা চান্স পেয়েছেন ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদালয়ে’র ইতিহাস বিভাগে (শিক্ষাবর্ষ ২০২৫-২০২৬)। তার এই কৃতিত্ব পুরো পাহাড়ি অঞ্চলের শিক্ষার্থীদের জন্য সৃষ্টি করেছে এক অনন্য অনুপ্রেরণা।
পাহাড়ের এই অদম্য তরুণের ঐতিহাসিক সাফল্য চোখ এড়ায়নি বাংলাদেশ সেনাবাহিনীর। জীবন বাবুর স্বপ্নযাত্রাকে আরও সুগম করতে এবং তার এই অদম্য প্রচেষ্টাকে সম্মানিত করতে এগিয়ে এসেছে সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোন।
সম্প্রতি লক্ষ্মীছড়ি জোন সদরে জীবন বাবু চাকমা ও তার পরিবারকে আমন্ত্রণ জানিয়ে এক বিশেষ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সেখানে লক্ষ্মীছড়ি জোন কমান্ডার জীবন বাবু ও তার পরিবারের হাতে বিশেষ শুভেচ্ছা উপহার তুলে দেন এবং উচ্চশিক্ষার যাত্রায় সব ধরনের সহযোগিতার আশ্বস্ত করেন।
মতবিনিময়কালে লক্ষ্মীছড়ি জোন কমান্ডার আশা প্রকাশ করে বলেন, জীবন বাবুর এই সাফল্য কেবল তার পরিবারের নয়, বরং পুরো লক্ষ্মীছড়ি উপজেলার প্রতিটি শিক্ষার্থীর জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত। অদম্য ইচ্ছা থাকলে কোনো বাধা-ই যে স্বপ্ন পূরণে পথ আটকাতে পারে না, জীবন বাবু তা প্রমাণ করেছে। তার শিক্ষার পথ মসৃণ রাখতে লক্ষ্মীছড়ি জোন সর্বদা তার পাশে থাকবে।
পাহাড়ের শিক্ষা ও সম্ভাবনার বিকাশ নিশ্চিত করতে সেনাবাহিনীর এমন উদ্যোগ স্থানীয় সচেতন মহল ও সাধারণ মানুষের মাঝে প্রশংসা কুড়িয়েছে। তরুণ জীবন বাবুর নজরুল বিশ্ববিদালয়ের ক্যাম্পাস যাত্রা পাহাড়ি জনপদে ছড়িয়ে দিক নতুন শিক্ষার আলো—এমনটাই প্রত্যাশা সবার।




















