খাগড়াছড়ির পানছড়ি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সতর্ক পাহারা ও সফল অভিযানে উদ্ধার হয়েছে ভারী আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতের এ অভিযানে একটি ৭.৬২ মি.মি. এসএমজি, ১০০ রাউন্ড তাজা গুলি এবং ২টি বাটন মোবাইল উদ্ধার করেছে পানছড়ি ব্যাটালিয়নের (৩ বিজিবি) বিজিবি সদস্যরা।
স্থানীয় ও বিজিবি সূত্র জানায়, ঘটনার দিন রাতে পানছড়ি ব্যাটালিয়নের আওতাধীন বৌদ্ধমনিপাড়া বিওপির একটি বিশেষ টহলদল নায়েব সুবেদার মোঃ এমদাদুল হকের নেতৃত্বে কচুছড়িমুখ পাড়া এলাকায় দায়িত্বরত ছিল। রাত ৮টা ১৫ মিনিটের দিকে ভারতের সীমান্ত দিক থেকে ১০-১২ জনের একটি সশস্ত্র দলকে কাঁধে ব্যাগ নিয়ে পাহাড় গড়িয়ে নিচের রাস্তার দিকে নামতে দেখে টহলদল।
সশস্ত্র দলের সন্দেহজনক তৎপরতা টের পেয়ে তাৎক্ষণিকভাবে বিষয়টি পানছড়ি ব্যাটালিয়নের (৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ রবিউল ইসলামকে জানানো হয়। অধিনায়কের দ্রুত নির্দেশনায় বিজিবি সদস্যরা সশস্ত্র দলটি লক্ষ্য করে থামার সংকেত দেয়। বিজিবির উপস্থিতিতে বিচলিত হয়ে বিজিবি সদস্যদের ধাওয়া খেয়ে অস্ত্রধারীরা নিজেদের সঙ্গে থাকা ব্যাগ ও মালামাল ফেলে রাতের আঁধারে গহীন জঙ্গলে আত্মগোপন করে।
পরবর্তীতে বিজিবি সদস্যরা এলাকাটি ঘিরে ফেলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১টি ৭.৬২ মি.মি. এসএমজি (SMG), ১০০ রাউন্ড তাজা গুলি এবং ২টি বাটন মোবাইল উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পানছড়ি ব্যাটালিয়নের (৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিপিএম (সেবা) বলেন, উদ্ধার হওয়া বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে পানছড়ি থানায় হস্তান্তরের কাজ চলছে। সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অস্ত্র পাচার, চোরাচালান ও সন্ত্রাসী কর্মকাণ্ড রুখে দিতে বিজিবি সর্বদা প্রস্তুত ও জিরো টলারেন্স নীতিতে অটল রয়েছে।




















