“শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন”—এই মূলমন্ত্রকে ধারণ করে পার্বত্য চট্টগ্রামে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় গুইমারা রিজিয়নের অধীনস্থ লক্ষীছড়ি জোনের পক্ষ থেকে দুর্গম পাহাড়ি অঞ্চলের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ শনিবার (২০ জুন) এক মানবিক সহায়তা কার্যক্রমের আওতায় শুকনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪০ জন ছাত্র-ছাত্রীর হাতে এই শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল আকর্ষনীয় স্কুল ব্যাগ, খাতা, কলম, পেন্সিল ও রাবার।
পাহাড়ের অত্যন্ত দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের অনেক শিক্ষার্থীকে বিভিন্ন আর্থিক সীমাবদ্ধতার কারণে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ কিনতে হিমশিম খেতে হয়। এসব শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম সচল রাখা, বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং পড়াশোনার প্রতি তাদের আরও উৎসাহিত ও মনোযোগী করে তোলার লক্ষ্যেই লক্ষীছড়ি জোন এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।
নতুন স্কুল ব্যাগ আর খাতা-কলম পেয়ে খুদে শিক্ষার্থীদের চোখে-মুখে আনন্দের ঝিলিক দেখা যায়। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক ও অভিভাবকবৃন্দ সেনাবাহিনীর এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, সেনাবাহিনীর এই ধরনের মানবিক সহায়তা শুধু শিক্ষার্থীদের শিক্ষা উপকরণই জোগাচ্ছে না, বরং তাদের ভবিষ্যৎ স্বপ্ন পূরণের পথকেও সুগম করছে।
শুকনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এই মহতী উদ্যোগের জন্য গুইমারা রিজিয়ন ও লক্ষীছড়ি জোনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা আশা প্রকাশ করেন, পাহাড়ের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করতে সেনাবাহিনীর এই ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও স্থায়িত্ব বজায় রাখার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা ও মানবিক সহায়তামূলক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সাধারণ জনগণের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।















