খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পাহাড়ি আঞ্চলিক সংগঠনগুলোর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের মাঝখানে পড়ে জাহাঙ্গীর আলম (৩৭) নামে এক সাধারণ বাঁশ শ্রমিক পায়ে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।
আজ শনিবার (২০ জুন) আনুমানিক রাত ৮টা ২৫ মিনিটে (২০২৫ ঘটিকায়) মাটিরাঙ্গা জোন সদর থেকে প্রায় ৫ কিলোমিটার দক্ষিণে যৌথখামার এলাকায় এই ঘটনা ঘটে। আহত জাহাঙ্গীর আলম মাটিরাঙ্গার ৪ নম্বর ওয়ার্ডের আদর্শ গ্রাম এলাকার বাচ্চু মিয়ার ছেলে।
স্থানীয় ও দায়িত্বশীল সূত্রে জানা গেছে, রাতে যৌথখামার এলাকায় ইউপিডিএফ (গণতান্ত্রিক) এবং জেএসএস (সংস্কার) দলের ৩ জন সদস্য অবস্থান করছিলেন। এমন সময় ইউপিডিএফ (মূল) দলের ২ জন সশস্ত্র সদস্য মোটরসাইকেল যোগে আচমকা সেখানে এসে উপস্থিত হয়। কিছু বুঝে ওঠার আগেই তারা প্রতিপক্ষকে লক্ষ্য করে ২/৩ রাউন্ড এলোপাতাড়ি গুলি ছুড়ে দ্রুত মোটরসাইকেল চালিয়ে পালিয়ে যায়।
এ সময় দুর্ভাগ্যবশত ঘটনাস্থলে কর্মরত বাঁশের গাড়ির শ্রমিক জাহাঙ্গীর আলমের পায়ে গুলি লাগে। গুলির শব্দে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন ছুটে এসে রক্তাক্ত অবস্থায় জাহাঙ্গীরকে উদ্ধার করে দ্রুত মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
গোলাগুলির খবর পাওয়া মাত্রই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। মাটিরাঙ্গা জোন থেকে ক্যাপ্টেন রাকিবুল ইসলাম রাফির নেতৃত্বে সেনাবাহিনীর একটি বিশেষ টহল দল (বি-টাইপ) দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং হামলাকারীদের আটকে এলাকায় বর্তমানে সেনাবাহিনীর তল্লাশি ও টহল জোরদার করা হয়েছে।















