রাঙ্গামাটি জেলাকে মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত করার প্রত্যয়ে জেলা পুলিশের বিশেষ অভিযানে ২১ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি এবং তিন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ।
আজ বুধবার (১৫ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ) রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব জসিম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল রাঙ্গামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে পৌরসভার মানিকছড়ি এলাকা থেকে ২১ (একুশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রমজান আলী প্রকাশ গাজী (৩৭) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। সে মানিকছড়ি এলাকার মোঃ আমজাদ হোসেনের ছেলে। পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
একই অভিযানে আদালতের পরোয়ানাভুক্ত আরও তিন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। এদের মধ্যে:সিআর (CR) পরোয়ানামূলে গ্রেফতার:মোঃ আব্দুল রশিদ এবং দেবাশীষ বড়ুয়া প্রকাশ মনা। জিআর (GR) পরোয়ানামূলে গ্রেফতার: মেহেদী হাসান মোঃ ইমাম মেহেদী (৩৭)।গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং প্রচলিত বিধি মোতাবেক দ্রুতই তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
রাঙ্গামাটি জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে— মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, জুয়া, কিশোর গ্যাং ও অন্যান্য সামাজিক অপরাধ দমনে জেলা পুলিশ “জিরো টলারেন্স” নীতি অনুসরণ করছে। শান্তিশৃঙ্খলা বজায় রাখতে জেলাজুড়ে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।



















