রাঙামাটির কাপ্তাই উপজেলার পাঁচটি ইউনিয়নে কর্মরত ৪৬ জন গ্রাম পুলিশকে বাইসাইকেল ও ২৫ ধরনের পোশাক সামগ্রী দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ১২টায় কাপ্তাই উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাম পুলিশদের হাতে এসব বাইসাইকেল ও পোশাক সামগ্রী তুলে দেন।
এ সময় ইউএনও রায়হানুল ইসলাম বলেন,সরকার গ্রাম পুলিশদের মাঠপর্যায়ের দায়িত্ব পালনে আরও গতিশীল ও সহায়তার জন্য বাইসাইকেল ও বিভিন্ন ধরনের পোশাক সামগ্রী প্রদান করছে। জনকল্যাণে এবং এলাকার আইন-শৃঙ্খলা রক্ষায় এসব সামগ্রী যথাযথভাবে কাজে লাগাতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ হোসেন এবং কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত।
এদিকে দীর্ঘদিনের প্রত্যাশিত বাইসাইকেল, পোশাক সামগ্রী ও অন্যান্য সরঞ্জাম হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন গ্রাম পুলিশরা। সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাঁরা বলেন, এই সহায়তা তাঁদের দায়িত্ব পালনে বাড়তি উৎসাহ জোগাবে। তবে মাঠপর্যায়ে কাজের পরিধি অনুযায়ী নিজেদের জীবনমান উন্নয়ন ও দায়িত্ব পালনে আরও উৎসাহিত করতে বেতন-ভাতা বাড়ানোর জোরালো দাবি জানান তাঁরা।




















