খাগড়াছড়ির রামগড় পৌরসভায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৭৩ পিস ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে রামগড় থানা পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার ৮ নম্বর ওয়ার্ডের ফেনীরকুল এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—রামগড়ের ফেনীরকুল এলাকার নুর আহাম্মদের ছেলে মো. ফরিদ উদ্দিন (৪২) এবং তাঁর স্ত্রী জাহানারা বেগম (৩৫)।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার মধ্যরাতে রামগড় থানা পুলিশের একটি দল অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও পরোয়ানা তামিল ডিউটিতে নিয়োজিত ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, ফেনীরকুল এলাকার একটি বাড়িতে মাদক কেনাবেচা চলছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে ওই বাড়িটি ঘেরাও করে পুলিশ। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৭৩ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ১৯ হাজার ৬৫০ টাকা এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দীর্ঘদিন ধরে এই দম্পতি এলাকায় মাদকের অবৈধ কারবারের সাথে জড়িত ছিল বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত স্বামী-স্ত্রীর বিরুদ্ধে রামগড় থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আজ রোববার তাদের আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।




















