কর্মদক্ষতা, সাহসিকতা ও পেশাদারিত্বের এক অনন্য নজির স্থাপন করায় পুরস্কৃত হলেন রাঙ্গামাটি কোতয়ালী থানার একদল চৌকস পুলিশ সদস্য।
বিশেষ অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর ডাকাতি মামলার রহস্য উদঘাটন, আসামী গ্রেফতার, ডাকাতির কাজে ব্যবহৃত নৌকা ও চোরাই মোটরসাইকেল উদ্ধার এবং মাদকদ্রব্য জব্দের মতো গুরুত্বপূর্ণ কার্যক্রমে বিশেষ সাফল্য অর্জন করায় তাদের এই সম্মাননা দেওয়া হয়।
রোববার (৬ সেপ্টেম্বর )২৬ রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম নিজ কার্যালয়ে কোতয়ালী থানার সফল অফিসার ও ফোর্সদের ডেকে তাদের হাতে সম্মাননা স্বরূপ নগদ অর্থ পুরস্কার তুলে দেন।
পুরস্কার বিতরণকালে পুলিশ সুপার মহোদয় দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার জন্য সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের ধন্যবাদ জানান। তিনি বলেন, অপরাধ দমন, মাদক নির্মূল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের প্রত্যেক সদস্যকে আরও বেশি নিষ্ঠাবান হতে হবে। ভবিষ্যতেও এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বাহিনীকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ ইকবাল হোছাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ তারেক সেকান্দার এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ জসীম উদ্দীন।
পুলিশের এই ধরনের উদ্যোগ মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের কাজের স্পৃহা ও জননিরাপত্তা রক্ষায় তাদের মনোবল বহুগুণ বাড়িয়ে দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।




















