খাগড়াছড়ির মানিকছড়িতে রাজ বাজারের সরকারি শেড অবৈধ দখলমুক্ত করা এবং তা খুচরা ব্যবসায়ীদের জন্য পুনঃস্থাপনের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। আজ সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এই কর্মসূচিতে কয়েকশ ব্যবসায়ী অংশ নেন। পরে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগও দেওয়া হয়।
মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিব, সিনিয়র সহ-সভাপতি আরব আলী চেয়ারম্যান, সাধারণ সম্পাদক মীর হোসেন, বাজার পরিচালনা কমিটির সহ-সভাপতি রুপেন পাল, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সাজুসহ অন্যান্য ব্যবসায়ীবৃন্দ।
বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে তৎকালীন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীন ক্ষমতার অপব্যবহার করে মানিকছড়ি বাজারের এই গুরুত্বপূর্ণ শেডটি অবৈধভাবে দখল করেন এবং সেখানে বহুতল ভবন নির্মাণ করেন। এর ফলে সাধারণ খুচরা ব্যবসায়ীরা তাদের ব্যবসা পরিচালনার জায়গা হারিয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
অবিলম্বে এই অবৈধ দখলদারিত্ব থেকে বাজার শেডটি উদ্ধার করে প্রকৃত ব্যবসায়ীদের মাঝে ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানান বক্তারা। অন্যথায় ব্যবসায়ীদের স্বার্থে আরও কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারিও দেওয়া হয়।




















