পাহাড়ে টেকসই উন্নয়ন এবং তৃণমূল পর্যায়ে সরকারি-বেসরকারি সেবার সুফল পৌঁছে দিতে যৌথভাবে কাজ করছে নবগঠিত রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের এনেক্স ভবন কনফারেন্স কক্ষে আয়োজিত এক পরিচিতি ও অবহিতকরণ সভায় এই প্রত্যয় ব্যক্ত করা হয়।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার দীপুর সভাপতিত্বে সভায় পরিষদের নবগঠিত কর্মকর্তাদের সাথে ইউএনডিপি ও জেলা পরিষদের যৌথ উদ্যোগে চলমান বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলের পিছিয়ে থাকা জনপদের জীবনযাত্রার মানোন্নয়ন এবং স্থানীয় জনগণের আর্থসামাজিক উন্নয়নে এই অংশীদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই মাঠপর্যায়ে প্রকল্পের লক্ষ্য ও সুফল সঠিকভাবে বাস্তবায়নের ওপর বিশেষ জোর দেওয়া হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা রিজাউল করিম, ভূমি কর্মকর্তা মোহাম্মদ মামুনুল হক, জেলা পরিষদের অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ এবং ইউএনডিপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
সভায় আগামীর কর্মপরিকল্পনা নির্ধারণের পাশাপাশি পাহাড়ি অঞ্চলের মানুষের জীবনমান বদলাতে যৌথ উদ্যোগগুলোকে আরও গতিশীল করার সিদ্ধান্ত নেওয়া হয়।




















