রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ানের অনুপস্থিতিতে কাপ্তাই উপজেলা আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কমিটিতে তাঁর প্রতিনিধি হিসেবে মনোনীত হয়েছেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও রাঙামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক দিলদার হোসেন।
গত ১২ জুলাই ২০২৬ তারিখে সংসদ সদস্য দীপেন দেওয়ান স্বাক্ষরিত এক অফিসিয়াল চিঠির মাধ্যমে তাঁকে এই দায়িত্ব প্রদান করা হয়। চিঠিতে জানানো হয়, সংসদ সদস্যের অনুপস্থিতিতে কাপ্তাই উপজেলা পর্যায়ের আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কমিটির সভাসহ সকল গুরুত্বপূর্ণ কার্যক্রমে তাঁর পক্ষে প্রতিনিধিত্ব করবেন দিলদার হোসেন। ইতিমধ্যে এসংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিঠিটি কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর দপ্তরে পাঠানো হয়েছে।
দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় দিলদার হোসেন জানান, মাননীয় সংসদ সদস্য দীপেন দেওয়ান মহোদয় আমার ওপর যে আস্থা রেখেছেন, সেজন্য আমি তাঁর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করে কাপ্তাইয়ের সার্বিক উন্নয়ন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমি সর্বদা সচেষ্ট থাকব।
জনগণের কল্যাণে সংসদ সদস্যের দিকনির্দেশনা অনুযায়ী সততা ও নিষ্ঠার সাথে কাজ করাই তাঁর প্রধান লক্ষ্য বলে জানান তিনি।




















