খাগড়াছড়ির মহালছড়িতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০ জন অবসরপ্রাপ্ত এবং ২ জন প্রয়াত শিক্ষকের সম্মানে এক আবেগঘন ও বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের উদ্যোগে মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এডিন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত) মিসকাতুল তামান্না।
এ সময় বক্তারা বলেন, শিক্ষকরা সমাজ ও জাতি গঠনে অসামান্য ভূমিকা পালন করেন। দীর্ঘ কর্মজীবনে শিক্ষার্থীদের মাঝে জ্ঞান ও নৈতিক শিক্ষা ছড়িয়ে দিয়ে যারা অবদান রেখেছেন, তাদের অবসরজীবন ও কর্মময় স্মৃতিকে সম্মানের সঙ্গে স্মরণ করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অনুপম শীল। বিগত ৫ বছরে মহালছড়ি উপজেলার যে ৩০ জন শিক্ষক অবসর গ্রহণ করেছেন এবং ২ জন শিক্ষক প্রয়াত হয়েছেন, তাদের ও তাদের পরিবারকে অনুষ্ঠানে সম্মাননা স্মারক প্রদান করা হয়। আবেগঘন পরিবেশে শিক্ষকরা তাদের দীর্ঘ কর্মজীবনের নানা স্মৃতিচারণ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা জহির উদ্দিন, পানছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুভায়ন খীসাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।




















