গ্রামের প্রত্যন্ত অঞ্চলের সহজ-সরল মানুষকে ফাঁদে ফেলে অভিনব কায়দায় অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ‘কাজি ফার্মস লিমিটেড’ নামের একটি অনলাইন ফেসবুক পেজের মাধ্যমে এই প্রতারণা চক্রটি সক্রিয় রয়েছে।গ্রামগন্জের সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে বিভিন্ন লোভনীয় অফার বা পণ্যের প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ করছে চক্রটি।
অনুসন্ধানে জানা গেছে, প্রতারক চক্রটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পেজ খুলে নিজেদের প্রতিষ্ঠিত কোম্পানির প্রতিনিধি হিসেবে পরিচয় দেয়। এরপর সাধারণ গ্রাহকদের কাস্টমার ভেদে কখনো ২০ শতাংশ, আবার কখনো ৫০ শতাংশ টাকা অগ্রিম (এডভান্স) বিকাশ বা নগদ নম্বরে পাঠাতে বাধ্য করে। কিন্তু টাকা পাওয়ার পর পরই গ্রাহকদের ফোন নম্বরসহ যোগাযোগের সমস্ত মাধ্যম ব্লক করে দেয় চক্রটির সদস্যরা। এতে সর্বস্ব হারিয়ে চরম বিপাকে পড়ছেন প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র ও সাধারণ মানুষ।
স্থানীয় সচেতন মহল বলছেন, ইন্টারনেটের সহজলভ্যতার সুযোগ নিয়ে এক শ্রেণির অসাধু চক্র এমন জালিয়াতিতে জড়িয়ে পড়েছে। পাহাড়ি জনপদের মানুষ অনলাইন কেনাকাটা ও এর নীতিমালা সম্পর্কে কম সচেতন হওয়ায় খুব সহজেই এই ধরনের প্রতারণার শিকার হচ্ছেন।
প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে কঠোর নজরদারির দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ও স্থানীয়রা। একইসঙ্গে যেকোনো অনলাইন পেজ থেকে কেনাকাটার আগে বা লেনদেন করার পূর্বে পেজের সত্যতা যাচাই করার এবং এ ধরনের প্রতারক চক্র থেকে সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।




















