বর্তমান সরকারের অগ্রাধিকারভিত্তিক উদ্যোগ ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম সুচারুভাবে বাস্তবায়নের লক্ষ্যে খাগড়াছড়ির মানিকছড়িতে এক বিশেষ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রকৃত দুস্থ পরিবারগুলোকে সরকারি সহায়তার আওতায় আনতে সোমবার (১২ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আফরোজ ভূঁইয়া জানান, খাগড়াছড়ির চারটি ইউনিয়নে প্রশিক্ষিত ও নির্দিষ্ট পরিচয়পত্রধারী তথ্য সংগ্রহকারীরা সরাসরি বাড়ি বাড়ি (খানা) গিয়ে আর্থসামাজিক অবস্থার বস্তুনিষ্ঠ তথ্য সংগ্রহ করছেন। এই তথ্যের ওপর ভিত্তি করেই নির্ধারণ করা হবে কোন পরিবারের সরকারি সহায়তার অগ্রাধিকার সবচেয়ে বেশি।
তিনি জোর দিয়ে বলেন, ফ্যামিলি কার্ড পাওয়ার জন্য কোনো ধরনের টাকা-পয়সা বা আর্থিক লেনদেনের প্রয়োজন নেই। এটি সম্পূর্ণ বিনামূল্যে সরকার প্রদত্ত সেবা। তথ্য সংগ্রহের কাজে কোনো স্বচ্ছতা হানির চেষ্টা করা হলে বা কেউ কার্ড পাইয়ে দেওয়ার নামে টাকা দাবি করলে তাৎক্ষণিকভাবে ১০৯৮ নম্বরে অভিযোগ করার আহ্বান জানান তিনি। একই সাথে, সঠিক ও নিখুঁত তথ্য ডিজিটালি (ট্যাবে) অন্তর্ভুক্ত করতে মাঠপর্যায়ের কর্মীদের সততার সাথে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবদুর রাশেদের পরিচালনায় আয়োজিত এ সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ও প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান হাবিব, উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান এবং স্থানীয় গণমাধ্যমকর্মী আবদুল মান্নান, আলমগীর হোসেন, রবিউল হোসেন ও ইসমাইল হোসেনসহ আরও অনেকে।




















