ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি—এই তাৎপর্যপূর্ণ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, দুর্যোগ মোকাবিলায় সচেতনতামূলক মহড়া এবং এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার, অসচ্ছল সাধারণ মানুষ এবং স্থানীয় ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের মাঝে মানবিক সহায়তার অংশ হিসেবে নগদ অর্থ ও নানা উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রাকৃতিক দুর্যোগে সরাসরি ক্ষতিগ্রস্ত ১১টি পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়। পাশাপাশি শিশু পুষ্টি সুরক্ষায় ১০টি অসচ্ছল পরিবারকে শিশু-খাদ্য এবং প্রান্তিক খামারিদের সহায়তায় ২২ জন গবাদিপশু পালনকারীর মাঝে গো-খাদ্য বিতরণ করা হয়। এছাড়া উপজেলার ১১২টি বৌদ্ধ মন্দিরের জন্য জিআর (চাল) প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত ও সুবিধাভোগীদের মাঝে মানবিক সহায়তার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন সহকারী কমিশনার (ভূমি) জনাব খাদিজা তাহিরা।
বক্তারা বলেন, দুর্যোগের ঝুঁকি কমাতে কেবল সরকারি প্রস্তুতিই যথেষ্ট নয়, প্রতিটি পরিবার ও ঘর থেকেই সচেতনতা শুরু করতে হবে। মানিকছড়ির মতো পার্বত্য ও সংবেদনশীল এলাকায় দুর্যোগ মোকাবিলায় স্থানীয়দের সক্ষমতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার, বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভা শেষে ফায়ার সার্ভিস ও স্থানীয় স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণে প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ড মোকাবিলা বিষয়ক একটি বাস্তবসম্মত মহড়া প্রদর্শিত হয়, যা উপস্থিত সবাইকে সচেতন হতে উদ্বুদ্ধ করে।




















