খাগড়াছড়ির দুর্গম পাহাড়ি অঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আবারও এগিয়ে এলো বাংলাদেশ সেনাবাহিনী। লক্ষ্মীছড়িতে স্থানীয় ও পাহাড়ি অধিবাসীদের জন্য আয়োজন করা হয় বিনামূল্যে বিশেষ মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচি।
আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সাধারণ মানুষের পাশে দাঁড়াতে ২২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির লক্ষ্মীছড়ি জোন এ উদ্যোগ গ্রহণ করে। জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খান সজিবুল ইসলামের নির্দেশনায় লক্ষীছড়ি বাজারে এ ক্যাম্প পরিচালনা করা হয়।
দিনব্যাপী চলা এই ক্যাম্পে লক্ষীছড়ি জোনের আরএমও (রেজিমেন্টাল মেডিকেল অফিসার) আগত রোগীদের শারীরিক পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা ও স্বাস্থ্য বিষয়ক দিকনির্দেশনা দেন। পরবর্তীতে রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। চিকিৎসা বঞ্চিত ও অসহায় পাহাড়ি এলাকার শতাধিক নারী, পুরুষ ও শিশু এতে উপকৃত হন।
সেনাবাহিনীর এই মানবিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা জানান, পাহাড়ি অঞ্চলের দুর্গমতার কারণে ভালো চিকিৎসাসেবা পাওয়া কঠিন হয়ে পড়ে। সেনাবাহিনীর এমন নিয়মিত চিকিৎসাসেবা তাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ায় এলাকায় স্বাস্থ্যসেবার সুযোগ অনেক বৃদ্ধি পাবে।
লক্ষীছড়ি জোনের পক্ষ থেকে জানানো হয়, পাহাড়ি এলাকার নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি এলাকার মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন ও জনকল্যাণমূলক এমন মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




















