গরু ব্যবসায়ীর ২০ লাখ টাকা ডাকাতির পর সেই টাকায় কেনা হয়েছিল ৩টি দামি মোটরসাইকেল ও ৬টি মোবাইল ফোন। কিন্তু শেষ রক্ষা হয়নি। পুলিশের সাঁড়াশি অভিযানে শেষ পর্যন্ত ধরা পড়েছে ডাকাত দলের চার সদস্য।
গত ১২ অক্টোবর খাগড়াছড়ির মাটিরাঙ্গার শয়তান টিলা এলাকায় এক গরু ব্যবসায়ী ডাকাত দলের কবলে পড়েন। সুযোগ বুঝে সর্বস্ব লুটে নেয় সশস্ত্র ডাকাতরা। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার পরপরই জড়িতদের ধরতে তদন্তে নামে মাটিরাঙ্গা থানা পুলিশ।
তদন্তের ধারাবাহিকতায় রোববার রাতে মাটিরাঙ্গা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন— বেলছড়ি ইউনিয়নের আমবাগান এলাকার মো. আলী হোসেন ও ইউসুফ মিয়া ওরফে নয়ন, খেদাছড়া এলাকার আবু মুছা এবং মাটিরাঙ্গা পৌরসভার পলাশপুর এলাকার নোমান ইসলাম রাব্বি।
অভিযানকালে আটককৃতদের কাছ থেকে ডাকাতির টাকায় কেনা ৩টি মোটরসাইকেল, ৬টি মোবাইল ফোন, নগদ ৫৯ হাজার টাকা এবং ডাকাতিতে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
এ বিষয়ে মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিন জানান, খবর পাওয়ার পর থেকেই পুলিশের একটি বিশেষ দল অভিযান শুরু করে। রোববার রাতে সফল অভিযানের মাধ্যমে চারজনকে আটক করা হয়েছে। আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং মামলার পরবর্তী আইনি ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।



















