পার্বত্য খাগড়াছড়ির মহালছড়িতে অসাম্প্রদায়িক চেতনা ও সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। শারদীয় দুর্গাপূজার মহানবমী উপলক্ষে উপজেলার ঐতিহ্যবাহী শ্রী শ্রী দক্ষিণা কালী মন্দির ও মাইসছড়ি শ্রী শ্রী জগন্নাথ মন্দির পরিদর্শন করেছেন মহালছড়ি উপজেলা বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
গতকাল মঙ্গলবার (২০ অক্টোবর) পূজামণ্ডপ দুটি পরিদর্শনকালে মন্দির কমিটির নেতৃবৃন্দের হাতে উপজেলা বিএনপির পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা ও আর্থিক সৌজন্য উপহার তুলে দেওয়া হয়।
পরিদর্শনকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন। এতে আরও অংশ নেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক, সিনিয়র সহ-সভাপতি ও মাইসছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল আজিজ মেম্বার, সহ-সভাপতি মোঃ ছানোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ রাজু আহমদ ও মোঃ শহিদুল ইসলাম বকুল।
এছাড়াও উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম এবং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ নুরুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে উভয় মন্দিরের পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে আনুষ্ঠানিকভাবে আর্থিক উপহার হস্তান্তর করা হয়। বিএনপি নেতৃবৃন্দ মণ্ডপের নিরাপত্তাসহ সার্বিক খোঁজখবর নেন এবং ভক্ত ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন।
এই উদ্যোগের মধ্য দিয়ে পাহাড়ে পারস্পরিক শ্রদ্ধাবোধ, ভাতৃত্ববোধ ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়ে। বিএনপি নেতৃবৃন্দ জানান, ধর্ম যার যার, উৎসবের আনন্দ সবার—এই নীতিতে বিশ্বাস রেখে সব ধর্মের মানুষের মাঝে সৌহার্দ্য ও শান্তি বজায় রাখা আমাদের দায়িত্ব। সম্প্রীতি ও ঐক্যের এই প্রবাহ বজায় রেখে মহালছড়িতে চিরকাল শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বজায় থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।




















