রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় এবং কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পরিচালিত এই বিশেষ অভিযানে মাদক কারবারি, অস্থিতিশীলতা সৃষ্টিকারী ও যৌতুক মামলার আসামিসহ মোট ১২ জনকে আটক করা হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) রাঙ্গামাটি পৌর এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এই অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন— ডিসি এলাকার জুয়েল (৪২), তবলছড়ির মো. কাজল (৪৫), আমানতবাগের আতিকুর রহমান (২৮) এবং পোস্ট অফিস কলোনীর কাঞ্চন দে (৩৬)।
এছাড়া, রাস্তায় বেসামাল অবস্থায় জনবিরক্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বরকল উপজেলার সুবলং এলাকার দুই তরুণ প্রসেনজিৎ চাকমা (২৫) ও রিমন চাকমাকে (২২) গ্রেফতার করা হয়। এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আরও তিনজনকে আটক করা হয়; তারা হলেন— মোহাম্মদ ইয়াছিন (৪৮), মো. নেয়ামত উল্লাহ (২৪) এবং শিমুল (২৪)। পাশাপাশি, নারী ও শিশু নির্যাতন বা যৌতুক মামলার এজহারভুক্ত আসামি জাকির হোসেনকে (৩০) গ্রেফতার করা হয়েছে।
অভিযানের সময় সন্দেহভাজন হিসেবে দুই কিশোর শুভ বড়ুয়া (১৭) ও মো. মারুফ হোসেনকে (১৭) আটক করে পুলিশ।
পরবর্তীতে নিবিড় যাচাই-বাছাই শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে এবং মুচলেকা নিয়ে ওই দুই কিশোরকে তাদের পিতা-মাতার জিম্মায় হস্তান্তর করা হয়।
কোতোয়ালী থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত অন্যান্য আসামিদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে। জেলা জুড়ে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।



















