পার্বত্য চট্টগ্রামজুড়ে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ‘শুভ প্রবারণা পূর্ণিমা’। এরই ধারাবাহিকতায় রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা কেপিএম গেট এলাকায় অবস্থিত কর্ণফুলী নালন্দা বৌদ্ধ বিহারের উদ্যোগে দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়েছে।
আয়োজনের সূচনাতেই জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন এবং মঙ্গলাচরণের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। দিনব্যাপী অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল বুদ্ধপূজা, ভিক্ষু সংঘের পিণ্ডচারণ, সমবেত প্রার্থনা এবং গুরুত্বপূর্ণ ধর্মীয় আলোচনা সভা।
কর্ণফুলী নালন্দা বৌদ্ধ বিহারের সভাপতি সমর বড়ুয়ার সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রবারণা পূর্ণিমার তাৎপর্য ও মানবকল্যাণে বুদ্ধের অহিংসার বাণী তুলে ধরে বক্তব্য রাখা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিহারের সাধারণ সম্পাদক কাজল বড়ুয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টি বাবু রাজীব কান্তি বড়ুয়া এবং প্রকাশনা ও অনলাইনভিত্তিক ‘চারুলতা’ পত্রিকার পরিচালক বাবু চারু উত্তম বড়ুয়া। অতিথিদের পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হয় এবং তাঁরা উপস্থিত পুণ্যার্থীদের উদ্দেশে আত্মশুদ্ধি ও ধর্মীয় আদর্শ অনুসরণের আহ্বান জানিয়ে দেশ ও জাতির মঙ্গল কামনায় বক্তব্য রাখেন।
এছাড়াও সভায় বিহারের সহসভাপতি জয়শীম বড়ুয়া বক্তব্য দেন। বিহারের অধ্যক্ষ ভদন্ত বিপুলজ্যোতি থের-এর সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে বিপুল সংখ্যক বৌদ্ধ ধর্মাবলম্বী অংশ নেন।
দিনব্যাপী এ ধর্মীয় আয়োজনের শেষভাগে তরুণ-তরুণী ও সর্বস্তরের মানুষের অংশগ্রহণে একটি দৃষ্টিনন্দন ও বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি এলাকার প্রধান প্রধান সড়ক পরিক্রমণ করে আনন্দঘন পরিবেশে শেষ হয়। বিহারের দায়ক-দায়িকাবৃন্দের সার্বিক ব্যবস্থাপনায় এই উৎসবমুখর প্রবারণা পূর্ণিমার পরিসমাপ্তি ঘটে।



















